আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য খরচ বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছায়, ব্যবসায়ীদের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পাশাপাশি বাজারে মাল্টা ও খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
একই সঙ্গে চলতি সপ্তাহেই খেজুরের শুল্ক-করসংক্রান্ত ছাড়ের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।আজ শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।অহেতুক দাম বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না।’সভায় ব্যবসায়ীরা জানান, মাল্টার বর্তমান মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সরবরাহের ঘাটতি।
সূত্র: প্রথম আলো