কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ঘুম ভাঙার পর’ কবিতা নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এই পাঠচক্রে কবিতাটির বিষয়বস্তু, ভাবনা, ভাষা ও কবির জীবনবোধ নিয়ে আলোচনা করা হয়।বন্ধুদের আলোচনায় উঠে আসে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর কবিতায় উঠে আসা প্রেম, অনুভূতি, একাকিত্ব ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা।
বিশেষভাবে ‘ঘুম ভাঙার পর’ কবিতায় ঘুম থেকে জেগে ওঠার পর মানুষের অনুভূতি, স্মৃতি, বাস্তবতা ও চারপাশের জগতকে নতুনভাবে উপলব্ধি করার বিষয়টি।
কবিতার ভাষা ও চিত্রকল্পের মাধ্যমে কবি কীভাবে ব্যক্তিগত অনুভূতিকে বৃহত্তর মানবিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছেন, তা নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘ঘুম ভাঙার পর’ কবিতাটি পড়লে মনে হয়, ঘুম থেকে জেগে ওঠা শুধু একটি স্বাভাবিক ঘটনা নয়, এর সঙ্গে মানুষের অনুভূতি, স্মৃতি ও বাস্তবতাকে নতুন করে দেখার বিষয়টিও জড়িয়ে আছে।অর্থ সম্পাদক ফারজানা আক্তার বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার সবচেয়ে ভালো দিক হলো, খুব সাধারণ অনুভূতিগুলোও তিনি এমনভাবে প্রকাশ করেন, যা পাঠকের নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে নিতে সাহায্য করে।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, “‘ঘুম ভাঙার পর’’ কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুভূতি ও জীবনকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো