একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচয়ে ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তাঁরা। ফ্ল্যাটের সামনে ওই এনজিওর ব্যানারও টানিয়েছিলেন। কক্ষে চেয়ার ও টেবিল দিয়ে কার্যালয়ও বানানো হয়েছিল। এরপর গ্রামে গ্রামে ঘুরে বাসিন্দাদের ঋণ দেওয়ার প্রলোভন দেখান তাঁরা। বাসিন্দাদের জানান, মাত্র ১০ হাজার টাকা জামানত দিলে স্বল্প সুদে এক লাখ টাকার বেশি ঋণ দেওয়া হবে। এভাবে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। তবে ঋণ না দিয়ে তাঁরা পালিয়ে যান।
গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাল ঘর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টাকার জন্য গ্রাহকেরা ভবনটিতে এলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়।
আজ শনিবারও গ্রাহকেরা জামানতের টাকা ফেরত চেয়ে ওই ভবনের সামনে অবস্থান করেছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনজন ব্যক্তি ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি (এফডিএস)’ নামের একটি এনজিও পরিচয় দিয়ে প্রায় এক মাস আগে থেকে উপজেলার ১১টি ইউনিয়নে প্রচার শুরু করেন।
সূত্র: প্রথম আলো