২ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা ১১টা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, বিরহলি গ্রাম। আবদুস সোবহানের উঠানে ইটের স্তূপ। তার ওপর ধুন্দুলের লতা। হঠাৎ দুটি শালিক উড়ে এসে বসল। ডাকল, ‘সাদিক, সাদিক।’ কেউ সাড়া দিল না। এবার ডাকল, ‘মা, বাবা; মা, বাবা।’ বাড়ির কর্তা এগিয়ে আসতেই শালিক দুটি বলে উঠল, ‘কুটুম, কুটুম।’ তারপর উড়ে গেল পাশের গাছে।এ দৃশ্য এ বাড়িতে নতুন নয়। পাঁচ বছর ধরে এই দুটি পাখির ঠিকানা এখানেই—খাঁচায় নয়, খোলা উঠানে।
পরিবার তাদের নাম রেখেছে ‘ময়না’। ‘ময়না’ ডাকলেই ছুটে আসে।ছানা অবস্থায় তাদের এনেছিলেন আবদুস সোবহানের ছেলে সাদিকুল ইসলাম, হরিপুর থেকে। বন্দী করে রাখেননি। খাবার দিয়েছেন, নিরাপদ আশ্রয় দিয়েছেন, আর সঙ্গ দিয়েছেন। মানুষের মুখের কাছে থেকে থেকে ধীরে ধীরে বাড়ির সঙ্গে মিশে গেছে। দুই বছর বয়সের দিকে প্রথম এরা কথা বলে। এখন বলে ‘সাদিক’, ‘মা’, ‘বাবা’, ‘ভাই’, ‘ভাবি’, ‘আল্লাহ’। সাদিকুল কাজ থেকে ফিরলে ডাকে ‘সাদি…কুল’।
অচেনা মুখ দেখলে ‘কুটুম, কুটুম’ বলে জানিয়ে দেয়, বাড়িতে নতুন কেউ এসেছে।
সূত্র: প্রথম আলো