মমিনুল ইসলাম ভূঁইয়া ওরফে রাজন (২৮) একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এক বছর আগে চাকরিটি ছেড়ে দেন। এরপর বাবার টাকায় চলতেন। আজ শনিবার দুপুরের মমিনুল তাঁর বাবা নুরুল হক ভূঁইয়া ওরফে শান্তির (৬৫) কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা চান। নুরুল হক ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মমিনুল বাবাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। একটি ঘুষি বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল হক।
প্রতিবেশীরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ছেলের হাতে স্বামী নিহত হওয়ার ঘটনার এই বর্ণনা দেন রোশনারা বেগম। কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে মমিনুলকে আটক করেছে তিতাস থানা–পুলিশ।নুরুল হকের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসে কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাসেল ভূঁইয়াকে জানান প্রতিবেশীরা।
সূত্র: প্রথম আলো