বান্দরবানের লামায় মিরিঞ্জা ভ্যালিতে একটি অবকাশ যাপনকেন্দ্রে হামলার ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। হামলার শিকার রিসোর্টের মালিক আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে ২৫-২৬ জনকে আসামি করে মামলা করেছেন। অপরদিকে আরেক পক্ষ বৃহস্পতিবার রাতে রিসোর্টের মালিকসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
জানতে চাইলে আজ শনিবার রাতে লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেকুল মাওলা অভিযোগ করে বলেন, পুলিশ হামলার ঘটনায় মামলা নেয়নি, আদালতে গিয়ে তাঁদের মামলা করতে হয়েছে। অথচ যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ, তাঁরা এক সপ্তাহের পর একই ঘটনায় হামলার শিকারদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করেছেন।গত ২৪ সেপ্টেম্বর দুপুরে একদল লোক মিরিঞ্জা ভ্যালির রয়েল হিল রিসোর্টে গিয়ে হামলা চালায়। হামলায় রিসোর্টের নারী কর্মীসহ কয়েকজন আহত হয়েছেন।
হামলাকারীরা রিসোর্টের জিনিসপত্র ভাঙচুর করেছে ও নগদ টাকা নিয়ে গেছে বলে রিসোর্টের মালিক রাসেল চৌধুরী অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো