চাঁদপুরের কচুয়ায় এক প্রবাসীর বাড়ির একটি ঘরে আগুন লাগার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কচুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়ইয়া গ্রামের মনগাজী বাড়ির বাসিন্দা আমেরিকাপ্রবাসী সায়েম হাসানের একটি ঘরে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রবাসী সায়েম হাসান দীর্ঘদিন ধরে কচুয়া এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং বিভিন্ন সচেতনতামূলক ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত।
অগ্নিকাণ্ডের মাত্র দুই ঘণ্টা আগে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রত্যেকটা মাদক ব্যবসায়ীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ শিরোনামে একটি মাদকবিরোধী পোস্ট দেন। এরপরই তাঁর বাড়ির একটি ফাঁকা ঘরে আগুন লাগে।সায়েম হাসানের বাবা মো. মনির হোসেন আগুনের বিষয়টি টের পেয়ে বাইরে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ঘর ও ভেতরের মালামাল ভস্মীভূত হয়।
আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একটি সচল লাইটার উদ্ধার করে স্থানীয় লোকজন।প্রবাসীর পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা থেকে কোনো আগুন নয়; বরং মাদকবিরোধী পোস্ট এবং তৎপরতার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো