রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা-সংলগ্ন সড়কের দুই পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান চালিয়ে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়েরসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর–পরিকল্পনাবিদসহ সংস্থাটির একটি প্রতিনিধিদল অভিযানে অংশ নেয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়কের সৌন্দর্য রক্ষা ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: প্রথম আলো