ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংস্কার ও মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। সেবাকেন্দ্রটিতে নতুন দরজা-জানালা বসানোর পাশাপাশি চলছে রঙের কাজ। এর মধ্যেই মূল ভবনের বাইরে টিনের ছাউনিতে টিকা দেওয়া, নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের মতো সীমিত কিছু সেবা দেওয়া অব্যাহত আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাব ও কক্ষগুলো এখনো প্রস্তুত হয়নি।
পুরোদমে স্বাস্থ্যসেবা দিতে আরও সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ফটক দিয়ে ভেতরে ঢুকতেই টিনের ছাউনির নিচে চেয়ার-টেবিল পাতা। সেখানেই দেওয়া হচ্ছে শিশুদের টিকা ও নারীদের স্বাস্থ্যসেবা। গত কয়েক দিন ওই কেন্দ্রের ভেতরের দুটি কক্ষে সেবা দেওয়া হয়েছিল। গতকাল ওই দুটি কক্ষসহ আরও কিছু কক্ষে নতুন করে রং দেওয়ার কাজ চলছে। ফলে কক্ষের বাইরে ছাউনির নিচে সেবা দেওয়া হচ্ছে।
এই ছাউনি আগে থেকেই ছিল।
সূত্র: প্রথম আলো