রাজধানীর গুলশান, উত্তরা ও তেজগাঁও এলাকার চারটি বার ও প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বিভিন্ন ইউনিট। এসব অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ পিস লিকার ও আরও প্রায় ৬৩৭ লিটার অনুমোদনহীন লিকার জব্দ করা হয়েছে।
এনবিআরের আওতাধীন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা ইউনিট, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।অভিযানের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—গুলশানের ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, উত্তরার মার্গারিটা লাউঞ্জ, তেজগাঁওয়ের হাবিব হোটেল ইন্টারন্যাশনাল (হোটেল হলিডে ইন) এবং গুলশানের ‘র ক্যানভাস রেস্টুরেন্ট’।
প্রতিষ্ঠানগুলোতে অনুমোদনহীন মদ মজুদ, বার লাইসেন্সে অনিয়ম এবং আমদানির বৈধ কাগজপত্র না থাকার প্রমাণ পাওয়া গেছে।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহমেদ শনিবার রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে অভিযানের এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত ফুয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।
সূত্র: প্রথম আলো