২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। এবার পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল আরেক কে-পপ জায়ান্ট বিটিএস। এ নিয়ে গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য নতুন বিভাগ চালুর সিদ্ধান্তের বিরোধিতা আরও স্পষ্ট হলো। গ্র্যামির আয়োজক রেকর্ডিং একাডেমি গত জুনে ‘বেস্ট এশিয়ান পপ’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয়।
এশিয়ার বাজারে তৈরি বা এশীয় সংগীতের সঙ্গে সম্পর্কিত পপসংগীতে শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়াই এই বিভাগের উদ্দেশ্য। তবে ঘোষণার পর থেকেই সংগীতশিল্পীদের একাংশ এর সমালোচনা করছেন। সমালোচকদের আশঙ্কা, আলাদা বিভাগ চালু হলে কে-পপ, জে-পপসহ এশিয়ার বিভিন্ন ধারার সংগীত মূলধারার গ্র্যামি বিভাগ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
বিশেষ করে অ্যালবাম অব দ্য ইয়ার বা সং অব দ্য ইয়ারের মতো প্রধান বিভাগে এশীয় শিল্পীদের স্বীকৃতি পাওয়ার সুযোগ কমে যেতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
সূত্র: প্রথম আলো