কক্সবাজারের পাহাড় ও বনাঞ্চলে একের পর এক সড়ক নির্মাণের ধ্বংসাত্মক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে চকরিয়ার শতবর্ষী হারবাং সংরক্ষিত বনের বুক চিরে ২৫ কোটি টাকার পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। এ ঘটনা আমাদের প্রশাসনিক সমন্বয়হীনতা ও পরিবেশগত উদাসীনতার এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। এ সড়ক নির্মাণের ফলে সেখানকার হাতির বিচরণ বড় ধরনের হুমকির মুখে পড়বে। হাতি ও মানুষের দ্বন্দ্ব আরও বাড়বে।
সড়কটি সম্ভাবনার বদলে যে চরম সংকট ডেকে আনবে, তা খুবই উদ্বেগজনক।প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে। বনের ভেতরের পাহাড় কেটে, বিরল গর্জনগাছ ধ্বংস করে গড়ে তোলা এই সড়ক শুধু বৃক্ষনিধনই নয়; দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বনাঞ্চল ও বন্য প্রাণীর অস্তিত্বের ওপরও এক মারাত্মক আঘাত।
আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই, অথচ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই এ উন্নয়ন করা হচ্ছে।সংরক্ষিত বনাঞ্চল কোনো বিনোদন পার্ক বা সাধারণ সরকারি জমি নয়, এটি বন্য প্রাণীর আশ্রয়স্থল।
সূত্র: প্রথম আলো