বিদ্যুৎকেন্দ্রের ড্রেন থেকে বের হচ্ছে কালচে তৈলাক্ত বর্জ্য। সেই বর্জ্য গিয়ে পড়ছে পাশের খালে। আবার খাল হয়ে কিছু দূরে গিয়েই এসব বর্জ্য মিশছে সাঙ্গু নদে। সম্প্রতি এমনই দৃশ্য দেখা যায় চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে।এলাকাটিতে অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র।
এই বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস অয়েলের স্লাজ আশপাশের খাল, কৃষিজমি ও সাঙ্গু নদে দূষণ সৃষ্টি করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের।গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৩০০ মিটার পূর্বে উত্তর কালিয়াইশের মইল্যার ডেবা (জলাধার) এলাকা থেকে উৎপত্তি হয়েছে একটি খাল। মইল্ল্যা খাল নামের খালটি প্রবাহিত বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণ পাশ দিয়েই।
বিদ্যুৎকেন্দ্রের প্রায় তিন কিলোমিটার পশ্চিমে প্রবাহিত হয়ে মলেয়াবাদ গ্রামের চাগাচর এলাকায় সাঙ্গু নদে মিশেছে খালটি।বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অংশে খালের পানি কালচে আকার ধারণ করেছে।
সূত্র: প্রথম আলো