তোমার সঙ্গে আমার পথচলার শুরু ২০১৯ সালে। আজ ২০২৬। এই দীর্ঘ সময়ে কত কিছুই না বদলে গেছে! এসেছে অসংখ্য নতুন অভিজ্ঞতা, স্কুল পেরিয়ে কলেজজীবনের শুরু, ছোট ছোট বিজয়। আবার সেই বিজয়ের আড়ালে নীরবে জমেছে কিছু না পাওয়ার গল্প, কিছু হৃদয়ভাঙার স্মৃতিও। জীবনের এত সব পরিবর্তনের মধ্যেও তোমাকে আমি কখনো ভুলিনি।প্রতি মাসের শুরুতে আমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তোমাকে সংগ্রহ করা। হয়তো এখনকার ব্যস্ত জীবনে আগের মতো অবসর নেই।
ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা। সারা দিন নানা কাজের ভিড়। তবু দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো আমার অভ্যাস হয়ে গেছে। সারা দিনের ক্লান্তির পর তোমার পাতাগুলো ওলটাতে ওলটাতে কখন যে মনটা হালকা হয়ে যায়, তা নিজেও টের পাই না।তোমার কাছ থেকে আমি শুধু গল্প পড়িনি, শিখেছিও অনেক কিছু।
জেনেছি নতুন নতুন বিষয়, আবিষ্কার করেছি অজানা সব তথ্য আর কখনো কখনো এমন কিছু ভেবেছি, যা হয়তো তোমার সঙ্গে দেখা না হলে ভাবাই হতো না।জানি না ভবিষ্যতে জীবন আমাকে কোথায় নিয়ে যাবে।
সূত্র: প্রথম আলো