নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এতে দোকান ও আশপাশে থাকা লোকজনের মধ্যে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস (৪০) ওই এলাকার বাসিন্দা।এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়ক দিয়ে মালবাহী ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। রেললাইন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রাকটির একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো