লক্ষ্মীপুরের রায়পুরে অর্পিত সম্পত্তি ইজারা বাবদ আদায় করা ১২ লাখ ৭ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই কর্মচারীর কাছ থেকে এসব অর্থ আদায় করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বিভাগীয় প্রশাসন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত চিঠিটি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ইজারা বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার বিষয়টি উঠে এসেছে।অভিযুক্ত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম ও মো. নকিব হোসেন শান্ত। জাহাঙ্গীর আলম রায়পুর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী ও হিসাবরক্ষক ছিলেন।
বর্তমানে তিনি জেলার রামগতি উপজেলা ভূমি অফিসে কর্মরত রয়েছেন।
সূত্র: প্রথম আলো