হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।গোপন তথ্যের ভিত্তিতে আজ রোববার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।বিমানকর্মীদের জুতার ভেতর সোনার বার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, সোনা কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো