আইফোন ও আইপ্যাডে থাকা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে অ্যাপল। এ পরিস্থিতিতে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে আইফোন ১১ ও পরবর্তী মডেলের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, আইওএসের ‘কোরগ্রাফিকস’ অংশে পাওয়া ত্রুটিটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি করা ফাইলের মাধ্যমে আইফোন বা আইপ্যাডে ক্ষতিকর কোড চালানো যায়। কোরগ্রাফিকস মূলত ডিভাইসে ছবি ও বিভিন্ন গ্রাফিক উপাদান প্রদর্শনের কাজে ব্যবহৃত হয়। আইওএস ২৭-এর আগের সংস্করণ ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে চালানো ‘অত্যন্ত জটিল’ হামলায় এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগানো হয়ে থাকতে পারে।
তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।নিরাপত্তা হালনাগাদ ইনস্টলের আগে আইফোনের তথ্যের ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ রাখার পর ফোনটি চার্জে যুক্ত করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে।
সূত্র: প্রথম আলো