মদনপুর আলোর পাঠশালা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা সেন্ট্রাল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধা ও কঠোর পরিশ্রমী শিক্ষার্থী আরমান। মদনপুর আলোর পাঠশালায় নিয়মিত পড়াশোনা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় আরমান।
মেধা ও লক্ষ্যের প্রতি একাগ্রতার জোরেই সে আজ উচ্চশিক্ষার এই নতুন অধ্যায়ে পা রাখার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য।আরমানের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানিয়ে মদনপুর আলোর পাঠশালার শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক আলী আজগর বলেন, আরমানের এই সাফল্য আমাদের সমগ্র বিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
নিষ্ঠা, সততা ও অধ্যবসায় থাকলে যে যেকোনো প্রতিকূলতা জয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব আরমান তা আবারও প্রমাণ করেছে।
সূত্র: প্রথম আলো