নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত নাট্যজন আবুল হায়াত। গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরে উদ্বিগ্ন হয়ে একের পর এক ফোন করছেন দেশ-বিদেশে থাকা তাঁর আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ কেঁদেও ফেলেছেন। আজ রোববার বিকেলে নিজেই ফোন করে প্রথম আলোকে আবুল হায়াত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। আবুল হায়াত বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে।
প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’৩ অক্টোবর রাত থেকে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়। শুরুতে গুরুত্ব না দিলেও আজ গুজব আরও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: প্রথম আলো