রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শারমিন সুলতানা (৪৪) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন, গোপন সূত্রে এমন তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শারমিন সুলতানা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: প্রথম আলো