মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি ঘিরে আদালতে বিচারকের উপস্থিতিতে হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক আইনজীবীরা। আজ রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ ঘটনা ঘটে। আইনজীবীদের দুই পক্ষে উত্তেজনার মধ্যে এজলাসে এসে একবার খাসকামরায় ফিরে যান বিচারক। পরে এসে শুনানি করেন।
তখনো বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি ও পোশাক টানাটানির ঘটনা ঘটে। এজলাস কক্ষে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির পর শুনানি শেষে আখতারুজ্জামানকে আদালত ভবনের নিচে নামানোর সময় আবারও হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
ঘটনার জন্য একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করেছে।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গত শুক্রবার মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: প্রথম আলো