তৈরি পোশাকশিল্পের শ্রমিক–কর্মচারীদের মজুরি বাড়াতে ১০ অক্টোবরের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ রোববার শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেওয়া এক স্মারকলিপিতে আইবিসি এ দাবি জানায়। আইবিসি বলেছে, বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করেছে।
পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে, যা পরের মাসে কার্যকর হয়। এর তিন বছর পূর্ণ হবে আগামী নভেম্বরে। নতুন মজুরিকাঠামো কার্যকর করার সময় ঘনিয়ে এলেও সরকার মজুরি বোর্ড গঠনে কোনো উদ্যোগ নেয়নি। এ পর্যন্ত মজুরি বোর্ড গঠিত না হওয়ায় পোশাকশ্রমিকেরা উদ্বিগ্ন।আজ রোববার শ্রমমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আইবিসি সমাবেশ করে।
জোটটির সভাপতি মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমান, কেন্দ্রীয় নেতা কুতুব উদ্দিন আহমেদ, রুহুল আমিন, নুরুল ইসলাম প্রমুখ।স্মারকলিপিতে আইবিসি বলেছে, সরকার সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল ঘোষণা করেছে।
সূত্র: প্রথম আলো