বরগুনা সদর উপজেলার দক্ষিণ মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারকেলগাছে ডাব পাড়তে উঠে গাছ থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গাছ থেকে পড়ে দুর্জয় রায়ের মাথা ও মুখমণ্ডলে আঘাতের পাশপাশি একটি পা ভেঙে গেছে। ওই শিক্ষার্থী বর্তমানে বরিশালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় তার পায়ে অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
দুর্জয় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ভূতমারা গ্রামের বিপুল রায়ের ছেলে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জব্বার মিয়ার বিরুদ্ধে ওই ছাত্রকে গাছে ওঠানোর অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। এ ঘটনার পর অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।
ঘটনাটির সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে পাঠাবেন না।অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আবদুল জব্বার মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালের পালার শিক্ষার্থীদের ছুটির পর বেলা ১২টার দিকে দ্বিতীয় পালার পাঠদান শুরু হয়।
সূত্র: প্রথম আলো