টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে সভাপতি করে জেলা দলিল লেখক সমিতির কমিটি গঠনের এক দিন পর সমালোচনার মুখে তা বাতিল করা হয়েছে। রোববার বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কে এম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বাতিলের কথা জানানো হয়। এ দিকে যে সমাবেশ থেকে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এ নিয়ে তিনিও নিজ দলের নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন।জেলা দলিল লেখক সমিতির সদস্যরা জানান, গত শনিবার জেলা রেজিস্ট্রার অফিস চত্বরে সমিতির উদ্যোগে ‘দলিল লেখক সমাবেশের’ আয়োজন করা হয়। এতে সমিতির কেন্দ্রীয় সভাপতি এম এ রশীদ, মহাসচিব কে এস হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখকেরা যোগ দেন।
সমাবেশে একপর্যায়ে জেলা দলিল লেখক সমিতির সভাপতি হিসেবে হুমাযুন রশীদ ওরফে সোনা এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার জাহিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো