অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে থাকেন এক নারী। তিনি তাঁর নিজের বাড়িতে শিশুদের ছবি আঁকার ব্যবস্থা করে দিয়েছেন। হেবরন শহরে প্রায়ই ইসরায়েলি বাহিনীর অভিযান চলে। চারপাশে নানা ধরনের ভয় ও সহিংসতার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতেও সেই বাড়িতে গিয়ে ছোট শিশুরা ছবি আঁকে। আঁকার মাধ্যমে তারা তাদের মনের ভয় আর নানা অনুভূতির কথা জানায়।
তাদের মন হালকা করার জন্যই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।শিল্পী সারা আবু মাদি ২০২০ সালে এ কেন্দ্র শুরু করেন। আরবি শব্দ ‘রোমমানা’র নামানুসারে এর নাম রাখা হয়েছে, যার বাংলা অর্থ ‘ডালিম’। সাম্প্রতিক সময়ে এই এলাকায় সহিংসতা বেড়ে যাওয়ায় শিশুদের মন থেকে ভয় দূর করতে তাঁর এ বাড়ির গুরুত্ব অনেক বেড়েছে।সারা আবু মাদি জানান, খারাপ কোনো ঘটনা ঘটলে তাঁরা শিশুদের মনখুলে কথা বলতে উৎসাহিত করেন।
কোনো বাড়িতে সেনা অভিযান হলে কিংবা শিশুরা ভয় পেলে তাদের জিজ্ঞাসা করা হয়, ঘটনাটির পর তাদের কেমন লেগেছে?
সূত্র: প্রথম আলো