রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিলুপ্ত কমিটিতে থাকা নেতারাই শীর্ষ পদে ফিরবেন, নাকি নতুন মুখ আসবে—তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে নানা পর্যালোচনা চলছে। তবে দলীয় বিজ্ঞপ্তিতে শিগগিরই নতুন কমিটি দেওয়ার কথা বলা হলেও তা চূড়ান্ত হতে কিছুটা সময় লাগতে পারে।
নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন-সংগ্রামের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিলুপ্ত কমিটির ১ নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ পুরোনোদের মধ্য থেকেই যোগ্য নেতৃত্ব আনার পক্ষে মত দেন। অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর তৃণমূলের আস্থা অর্জন ও দলের ভাবমূর্তি রক্ষার ওপর জোর দিয়েছেন।
একই সঙ্গে মহানগর উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলেও কোনো ধরনের দুর্নাম নেই এমন গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো