কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন কেটে গড়ে তোলা চিংড়িঘের উচ্ছেদ করবে নৌবাহিনী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো এ–সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৩ আগস্ট এ প্রস্তাব অনুমোদন করেন তিনি।বন বিশেষজ্ঞরা বলছেন, ম্যানগ্রোভ বনে অসংখ্য ছোট ছোট খালের মধ্য দিয়ে জোয়ার-ভাটা প্রবেশ করে।
এ জোয়ার-ভাটাই বনের বাস্তুতন্ত্রকে পরিপুষ্ট করে বাঁচিয়ে রাখে। এসব খালের মুখে বাঁধ দিলে ম্যানগ্রোভ বন প্রাণহীন হয়ে শুকিয়ে যায়। এ অবস্থায় দখলদাররা বন কেটে চারপাশে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করে।
ম্যানগ্রোভ বনের সজীবতা ফেরাতে তাই জোয়ার-ভাটার প্রবাহ নিশ্চিত করা জরুরি।‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্চ ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রেজিলিয়েন্স’ শীর্ষক প্রকল্পের আওতায় নৌবাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নৌবাহিনীকে সম্পৃক্ত করে সোনাদিয়া দ্বীপে অবৈধ দখল উচ্ছেদে সম্মতি দিয়েছেন।
সূত্র: প্রথম আলো