কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত অভিযোগে পাঁচ কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্যাংয়ের মূলহোতা।
গতকাল রোববার পৃথক অভিযানে কুমিল্লা নগর, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরের নুরপুর এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের প্রধান জিসান (১৯) ও গ্যাংটির অন্যতম নেতা শহরতলির আড়াইওড়ার সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের প্রধান তারেক হোসেন সৈকত (১৯) ও জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জের ‘PX 10’ (পিএক্স ১০) গ্যাংয়ের প্রধান ১৭ বছর বয়সী এক কিশোর।আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিজ নিজ এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, মারামারি, আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
সূত্র: প্রথম আলো