কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম ওরফে জিসানকে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে খুন করানো হয়েছে বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির আদালতে দেওয়া জবানবন্দিতেও এ তথ্য উঠে এসেছে। আদালতে জবানবন্দি দেওয়া দুই ব্যক্তি হলেন চকরিয়ার কাকারা ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভার (৫০) ও রিংভং ছগিরশাহ কাটা এলাকার জিসাত মিয়া ওরফে শওকত (২৯)।
গত ৩০ সেপ্টেম্বর রাতে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২ অক্টোবর ভোরে জিসাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে। আজ সোমবার তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, হত্যার শিকার ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের সঙ্গে গ্রেপ্তার দুজনের কারোরই কোনো স্বার্থসংশ্লিষ্টতা নেই।
সূত্র: প্রথম আলো