গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের নবম তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক শিক্ষার্থী। তিনি এখন সুস্থ আছেন, তাঁর শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে চিকিৎসক ও সহপাঠীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের পাশে থাকা একটি টিনশেড ঘরের চালে পড়ায় বড় ধরনের আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। রোববার দিবাগত রাত একটার দিকে জগন্নাথ হলের সন্তোষ ভবন থেকে ঝাঁপ দেন ওই শিক্ষার্থী।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীর পাশে আছেন। তাঁর একটি পা ফুলে আছে। মাথার কিছু অংশে ঘষা লেগে ছিলে গেছে এবং সেখানে ব্যান্ডেজ রয়েছে।
তবে তিনি স্বাভাবিক আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।ওই শিক্ষার্থীর শরীরে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ধরা পড়েনি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় যুক্ত একজন চিকিৎসক।জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীর এক্স-রে, ইসিজি ও এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো