বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তি চাইলে সমস্যা তৈরি করতে পারে, এই আশঙ্কা সব সময়ই আছে। কিন্তু এটা নির্ভর করে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর সতর্কতার ওপর। কারণ, এ অঞ্চলে কোনো সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে সেটি বাংলাদেশসহ কারও জন্য হিতকর হবে না। বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য নিরাপদ রাখা এ অঞ্চলের দেশগুলোর সামষ্টিক স্বার্থ।
‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর শেষ দিন আজ সোমবার ‘বিশ্বের জন্য বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’ আয়োজন করে।
আজ বিকেলে সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সমাপনী বক্তব্যের ঠিক আগের পর্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব ও সানোবার ইনস্টিটিউটের চেয়ারম্যান আইজাজ আহমেদ চৌধুরী বলেন, এশিয়ার অন্যান্য সমুদ্রাঞ্চলের মতো বঙ্গোপসাগরকেও ক্রমবিকাশমান বৈশ্বিক ভূরাজনীতির ওপর নজর রাখা উচিত।
সূত্র: প্রথম আলো