ইয়েমেনের সরকারি বাহিনী বলেছে, হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়ে কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখল করেছে তারা।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী গতকাল সোমবার জানায়, বাব আল-মানদেব প্রণালির কাছের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণও তারা আবার নিয়েছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এই প্রণালি থেকে ইরান-সমর্থিত হুতিদের হটানোই তাদের লক্ষ্য।সামরিক বাহিনী আরও বলেছে, ইয়েমেনের রাজধানী সানা অভিমুখেও একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মোখার কাছে কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই হয়েছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন।সামরিক সূত্রগুলো জানিয়েছে, কয়েকজন হুতি যোদ্ধাকে আটক করা হয়েছে।
তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার মধ্যে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে আবার সংঘাতে জড়িয়েছে হুতিরা।গত সেপ্টেম্বরে দ্রুতগতির এক অভিযানে পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা এবং পরে বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা দখল করে হুতিরা।গতকাল দিনের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা তায়েজের ধুবাব জেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
সূত্র: প্রথম আলো