ব্যাংকগুলো তাদের মুনাফার একটি অংশ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করে থাকে। এই অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়াসহ নানা খাতে দেওয়া হয়। ফলে খাতগুলোতে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এ বছর ব্যাংকগুলো তাদের সিএসআর ব৵য় কমিয়ে দিয়েছে। সিএসআর খাতে ব্যয় কমে যাওয়ার কারণ হিসেবে ব্যাংকগুলোর এখনো আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অনিয়ম-দুর্নীতির নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে না পারার কথা বলা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, যেসব ব্যাংক আগে সিএসআর ব্যয়ে এগিয়ে ছিল, তার অনেকগুলোই এখন লোকসানে রয়েছে বা মুনাফায় বড় ধাক্কা খেয়েছে। আবার কোনো কোনোটি মুনাফা কমায় সিএসআর ব্যয় কমিয়েছে। সব মিলিয়ে এই খাতে সিএসআর ব্যয় কমে গেছে। যেমন, চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ১১৩ কোটি টাকা খরচ করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫০ কোটি টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ৩১ কোটি টাকা বা ২৩ দশমিক ৩৫ শতাংশ কম।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে সিএসআর ব্যয়ে শীর্ষে রয়েছে ঢাকা ব্যাংক।
সূত্র: প্রথম আলো