দেশভাগ শুধু মানচিত্র বদলায়নি; বদলে দিয়েছিল পুঁজি, ক্ষমতা ও মানুষের জীবনযাত্রার গতিপথও। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সিলেটের চা-শিল্প। ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলে চা উৎপাদনের প্রধান কেন্দ্র ছিল আসাম ও সিলেট। ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চা-অঞ্চল নবগঠিত রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে।
কিন্তু প্রশাসনিক সীমারেখার এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয় মালিকানা ও অর্থনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস। রুশ অর্থনীতিবিদ এস এস বারানভের লেখা ‘পূর্ব বাংলা অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য (১৯৪৭-১৯৭১)’-এর তথ্য অনুযায়ী, দেশভাগের সূচনালগ্নে পূর্ব বাংলায় বিনিয়োগ করা মোট পুঁজির প্রায় ১৫ শতাংশ ছিল হিন্দু উদ্যোক্তাদের হাতে। তাঁদের নিয়ন্ত্রণাধীন ছিল ১৭টি চা-বাগান।
দেশভাগের পর অনিশ্চয়তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে তাঁদের বড় অংশ পূর্ব বাংলা ত্যাগ করলে চা-শিল্পে ক্ষমতার এক নতুন সমীকরণ তৈরি হয়।সেই শূন্যস্থান দ্রুত দখল করে পশ্চিম পাকিস্তানি শিল্পগোষ্ঠী এবং উত্তর ভারত থেকে আগত উর্দুভাষী মুসলিম ধনিক শ্রেণি।
সূত্র: প্রথম আলো