স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজানি জানিয়েছে, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তাঁর সম্পদমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত জুন মাসে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন ইলন মাস্ক। পরে তাঁর সম্পদমূল্য কমে যায়। গতকাল শেয়ারের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব ফিরে পেলেন তিনি।
ফোর্বসের হিসাবে, আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় ইলন মাস্কের সম্পদের মোট মূল্য ছিল ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে শুক্রবার ছিল গত সপ্তাহের শেষ কার্যদিবস। এরপর গতকাল বাজার খোলার পর এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার।এই সম্পদ বৃদ্ধির কল্যাণে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মাস্ক আরও এগিয়ে গেছেন।
বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন বা ৩৭ হাজার ১৫০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো