জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে এলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন।একপর্যায়ে বিজিবির সদস্যরা ওই যুবকদের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে পাঠিয়ে দেন।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাঁরা কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন।এ ঘটনায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক হয়।
তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি।বিষয়টি নিশ্চিত করে বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি।
সূত্র: প্রথম আলো