বেনারসির স্কার্টে উৎসবের সাজ যেকোনো উৎসব আমাদের পরিচিত ছন্দ থেকে বেরিয়ে আসার একটু সুযোগ। পোশাক সেই বদলেরই অংশ। উজ্জ্বল রং, কারুকাজ, জমকালো কাপড়—সব মিলিয়েই পোশাক হয়ে ওঠে আনন্দ প্রকাশের ভাষা। এ ক্ষেত্রে আমাদের বেনারসি হতে পারে আদর্শ। উৎসবের সাজে খুব সহজেই একধরনের আভিজাত্য এনে দিতে পারে বেনারসি। সমৃদ্ধ বুনন আর কারুকাজ পোশাকে এনে দেয় জমকালো ভাব।
কনের মঞ্চ থেকে অনেক আগেই দাওয়াত বা উৎসবের পোশাক হিসেবে এটি পরিচিতি পেয়ে গেছে। শাড়ি তো আছেই, কুর্তা, ব্লাউজ, স্কার্ট বা ড্রেস—বেনারসি দিয়ে বানানো যায় নানা ধরনের পোশাক।অনেকে এটিকে পুরোনো দিনের নকশা বলে মনে করতে পারেন। তবে সঠিক কাট আর নকশার ধাঁচে পরলে সমকালীন স্টাইল স্টেটমেন্টও আনা যায়। মায়ের বা দাদির বেনারসিও নতুনভাবে পরা যায়। পুরোনো বেনারসির শাড়ি কেটে নতুন কাটের পোশাক বানানোর ধারা অনেক দিন ধরেই আছে।
চাইলে তাঁতিকে ফরমাশ দিয়ে নতুন কাপড় বানিয়েও এ কাজ করা যায়।বেনারসির আবেদন সাময়িক কোনো ফ্যাশন ধারার ওপরও নির্ভর করে নাআর উৎসবে বেনারসি পরা শুধু নিজেকে সাজানো নয়, দীর্ঘদিনের কারুশিল্পের ধারাকেও নিজের সাজের অংশ করে নেওয়া।
সূত্র: প্রথম আলো