বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো’-এর রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে রেওয়াজ ভেঙে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।গোলাম পরওয়ার বলেছেন, বিজিএমইএর উদ্যোগে বাটেক্সপো মেলা হয়। দীর্ঘকালের ঐতিহ্য অনুযায়ী এই মেলার উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রী, আর সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন।
এবারই সেটার ব্যতিক্রম হয়েছে। জামায়াতের পক্ষ থেকে এই নজিরবিহীন ব্যতিক্রমের ব্যাপারে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সাক্ষাৎ ও বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।ব্রিফিংয়ে বাটেক্সপোর আয়োজন বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধরনের দৃষ্টিভঙ্গি রাখাটা খানিকটা রাজনৈতিক এবং সংকীর্ণ দলীয়করণের দৃষ্টিতেই কিন্তু দেশবাসী দেখবে।
সূত্র: প্রথম আলো