বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বরগুনা জেলায় এবার এসএসসিতে মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছিল কথামনি হালদার। এ সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে চায় সে। কথামনি বলল, ‘পরীক্ষায় ভালো ফল করেছি। এখন স্বপ্ন ম্যাজিস্ট্রেট হব।’ আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলছিল কথামনি হালদার। সংবর্ধনায় বাবা ও ছোটবোনকে নিয়ে এসেছিল সে।
মেয়ে আফিয়া উম্মে সালমাকে নিয়ে সংবর্ধনায় আসতে অবশ্য কষ্ট করতে হয়েছে মা খাজিদা বিনতে তাহিরাকে। তাঁদের বাড়ি পিরোজপুর জেলার সীমান্ত লাগোয়া। ভোরের আলো ফুটতেই বাড়ি থেকে মেয়েকে নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন খাদিজা। তিন ধরনের বাহন পরিবর্তন করে সকাল আটটায় পৌঁছে যান অনুষ্ঠানস্থলে।
খাদিজা বললেন, ভবিষ্যতে যাতে আরও সফলতা পেতে অনুপ্রাণিত হয়, সে জন্য মেয়েকে নিয়ে এসেছেন।ফটো জোনে ক্রেস্ট হাতে থাকা এক শিক্ষার্থীর ছবি তুলে দিচ্ছেন এক অভিভাবক আফিয়া এ বছর বামনা উপজেলা আসমাতুল নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে।
সূত্র: প্রথম আলো