সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে এক গৃহবধূকে (২৬) ভারতে পাচারের চেষ্টার অভিযোগে তাঁর স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জাফলংয়ের একটি রিসোর্টে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আবদুল লতিফের ছেলে গৃহবধূর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আবদুল করিমের ছেলে সাগর মিয়া।পুলিশ জানিয়েছে, গৃহবধূকে ভারতে পাচারের জন্য তাঁর স্বামীসহ গ্রেপ্তার ব্যক্তিরা জাফলংয়ের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। স্বামী তাঁর সঙ্গে আরও তিন বন্ধুকে নিয়ে এসেছিলেন।
জাফলংয়ে পৌঁছার পর তাঁরা গৃহবধূকে ভারতে পাচার করতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন।
সূত্র: প্রথম আলো