বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ মঙ্গলবার এ আদেশ দেন।
ফলে ওই শর্তের ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রধান শিক্ষক প্রার্থীদের ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা এবং সংশোধিত নীতিমালার অংশবিশেষ চ্যালেঞ্জ করে ৪৬ জন সহকারী প্রধান শিক্ষকের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ২৩ জুলাই হাইকোর্ট ওই রায় দেন।
এ রায় স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সচিব আপিল বিভাগে আবেদনটি করেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।
সূত্র: প্রথম আলো