ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধরনায় বসেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। দিল্লির আকাশবাণী ভবন চত্বরে প্রায় আট ঘণ্টা অবস্থানের পর তাঁদের আটক করে নিয়ে গেছে পুলিশ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা।
তাঁদের পদযাত্রায় রাজধানী দিল্লির বিস্তীর্ণ অঞ্চলের জীবনযাত্রা অনেকটা স্তব্ধ হয়ে পড়ে। অধিকাংশ সংসদ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে দিলেও পুলিশের চোখে ধুলা দিয়ে কংগ্রেস নেতা রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক শীর্ষ নেতা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন। ওই চত্বর থেকে নির্বাচন কমিশনের দূরত্ব বড়জোর ৫০ মিটার।সেখানে অবস্থানের প্রায় আট ঘণ্টা পর রাত আটটার দিকে রাহুল, প্রিয়াঙ্কাসহ অন্য নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
আটক অপর নেতাদের মধ্যে কংগ্রেসের সংসদ সদস্য পবন খেরা, কে সি বেনুগোপাল, ইমরান প্রতাপগড়ি, কে সুরেশ রয়েছেন।
সূত্র: প্রথম আলো