ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার রাজ্যের দুটি আসনে উপনির্বাচন হয়েছে। আসন দুটি হলো নন্দীগ্রাম ও রেজিনগর। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিজেপির দাবি, ভোট অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হয়েছে। তবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেসের মমতা ও ঋতব্রত অংশ এবং আমজনতা উন্নয়ন পার্টি ভিন্ন অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ, দুটি আসনেই উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে।
তারা বলছে, মানুষ ভোট দিতে পারেননি এবং ভোট লুট হয়েছে। বিরোধীদের আরও অভিযোগ, ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই বিজেপির কর্মী পরিচয়ধারী লোকজন তাঁদের আঙুলে কালি লাগিয়ে দিয়েছেন। এরপর বলেছেন, তাঁদের ভোট হয়ে গেছে, বাড়ি চলে যেতে। বিরোধী দলগুলো বহু ভোটকেন্দ্র দখলেরও অভিযোগ তুলেছে।দুই কেন্দ্রের বহু ভোটার অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে গেলে বিজেপির কর্মী পরিচয়ধারী লোকজন তাঁদের হাতে থাকা ভোটার স্লিপ কেড়ে নিয়েছেন।
তাঁরা বহু কেন্দ্র দখল করে অবাধে ভোটও দিয়েছেন।
সূত্র: প্রথম আলো