রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি। এরপর বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান ডুজার নেতারা।
এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ডুজার সদস্যরা হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করেছিলেন।সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরা।
সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা হয়েছে।
সূত্র: প্রথম আলো