পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন চার ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, ওই চারজনের কেউ পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয় দিয়েছিলেন। চারজনকেই আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও মো. আসিফ ইসলাম (৩৩)।মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।যাত্রাবাড়ী থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি রিকশার গ্যারেজে গিয়ে ওই চারজন নিজেদের পুলিশ বলে পরিচয় দেন।
সূত্র: প্রথম আলো