সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে অপহরণের ঘটনায় লিপি ও নাসরিন নামের এই দুই নারীকে চিহ্নিত করেছে এসআরবি বিক্রির উদ্দেশ্যে ছয় বছরের শিশুকে অপহরণ করেছিল একটি চক্র। তবে পুলিশ ও এসআরবির তৎপরতার মুখে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। শিশুটিকে গাজীপুরে নিয়ে গিয়েও বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।
অবশেষে নিখোঁজের ১৮ দিন পর মঙ্গলবার সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ার বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। ওই দিন সকালে তার মা গৃহকর্মীর কাজে বাইরে যান। তখন বাসায় রিকশাচালক বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল শিশুটি। দুপুরে ঘুম ভেঙে বাবা দেখেন, তাঁর ছেলে ঘরে নেই।
আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তিনি রূপনগর থানায় একটি মামলা করেন।মামলার পর শিশুটিকে উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৪।
সূত্র: প্রথম আলো