যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটনের দাবি পূরণে এবং দুই দেশের মধ্যকার সাত মাসের যুদ্ধ অবসানে ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতা ‘অর্থপূর্ণভাবে’ কমিয়ে আনতে হবে।রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এ মন্তব্য করেছেন।
তবে আলোচনায় ইরান কীভাবে সিদ্ধান্ত নেয়, তা নিয়ে ওয়াশিংটনের অনিশ্চয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বিদেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরেই সংশয়ী ভ্যান্স। তবে ইরান সংঘাতের মীমাংসা করতে চলমান আলোচনায় তিনি প্রধান ভূমিকা নিয়েছেন।
গত জুনে তাঁর মধ্যস্থতায় একটি সাময়িক শান্তিচুক্তি হলেও তা দ্রুতই ভেঙে পড়ে।ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজার যেমন ধাক্কা খেয়েছে, তেমনি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে একটি বড় ঝুঁকিও তৈরি করেছে।যুদ্ধ বন্ধ করা এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়ার লক্ষ্যে গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে।
সূত্র: প্রথম আলো