আজ পৃথিবীর মন খারাপ। আকাশে–বাতাসে যেন সেই মন খারাপেরই কলরব। মানুষে, মানুষে কত ভেদাভেদ; ভাষা, কাঁটাতার, মানচিত্র কিন্তু মন খারাপের কারণটা এক। মেসি বিদায় নিলেন। একজন ফুটবলারের বিদায়ে পৃথিবীর এত মানুষের মন খারাপ হওয়ার ঘটনা বোধ হয় খুব বেশি নেই।এই অসম্ভব কীভাবে সম্ভব করলেন মেসি? কারণ আর কিছু নয়, মেসি আমাদের জীবনের সঙ্গে মিশে গেছেন। তাঁর পায়ের জাদুতে কারও কৈশোর জড়িয়ে আছে, কারও তারুণ্য, কারও বন্ধুত্ব, কারও রাত জাগা।
আবার কারও জীবনের সবচেয়ে আনন্দের রাত হয়তো তাঁর কোনো একটি ম্যাচের রাত। একইভাবে তাঁর কোনো হারের সঙ্গেও জড়িয়ে আছে মন খারাপ, হইচই, তর্কবিতর্ক।কত রাত যে কেটেছে মেসির সঙ্গে, দুই পায়ের জাদুতে হাততালি আর চিৎকার দিয়ে—ইয়ত্তা নেই। পরদিন পরীক্ষা থাকলেও খেলা দেখেছি। সকালে ক্লাস থাকলেও রাত জেগেছি। ঘুম চোখে সকালে উঠে বন্ধুর সঙ্গে আগের রাতের ম্যাচ নিয়ে আলোচনা করেছি। মনেই হয়নি তখন, একদিন এগুলো স্মৃতি হয়ে যাবে।
এমন একটা সকাল আসবে, যেদিন মেসির বিদায়ের কথা লিখতে বসে পুরোনো দিনগুলোর কথা মনে পড়বে।
সূত্র: প্রথম আলো