কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তাদের বিনা মূল্যে খতনা করানো হয়েছিল।স্থানীয় সূত্র জানায়, গত রোববার দ্বীপের সেন্ট মার্টিন অবকাশ নামের এক রিসোর্টে ২১০ শিশু ও কিশোরকে খতনা করানো হয়। শিশু ও কিশোরদের বয়স ছিল ৫ থেকে ১৫ বছরের মধ্যে।
এর উদ্যোক্তা ছিল ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তবে গতকাল মঙ্গলবার থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে। তাদের অনেকের রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।সেন্ট মার্টিন দ্বীপ হাসপাতালের উপসহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার ৫০ শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের কয়েকজনের ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ ছিল।
প্রাথমিক চিকিৎসার পর দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ২১০ শিশুর খতনা করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো